ঢাকা, রবিবার   ১৮ অক্টোবর ২০২৬

দুই প্রবাসীর মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাইল পররাষ্ট্র মন্ত্রণালয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৯, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:০১, ১৮ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে সম্প্রতি দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াকে ডেকে পাঠিয়েছে বাংলাদেশ সরকার। 

রোববার (১৮ অক্টোবর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়াবলী সংক্রান্ত সচিব মো. নজরুল ইসলাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে এই জরুরি বৈঠক করেন। বিকেল নাগাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৈঠকে সৌদি আরবের মাটিতে দুই বাংলাদেশি প্রবাসীর শিরশ্চেদের ঘটনার তীব্র উদ্বেগ প্রকাশ করে এর নেপথ্যের প্রকৃত কারণ ও এ সংক্রান্ত বিস্তারিত অফিশিয়াল তথ্য রাষ্ট্রদূতের কাছে জানতে চেয়েছে সরকার। মূলত আনুষ্ঠানিক কোনো পূর্ব নোটিশ বা বিস্তারিত তথ্য ছাড়া আকস্মিক এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা স্পষ্ট করতেই সরকারের এই পদক্ষেপ।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, এই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের আদেশের বিষয়ে সরকার এখনো সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো লিখিত নথি পায়নি। তবে বাংলাদেশ চিঠি দিয়ে এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে। ঘটনাটিকে ‘আমাদের জন্য বড় শিক্ষা’ হিসেবে উল্লেখ করে তিনি জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে আসা প্রাথমিক তথ্য অনুযায়ী মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দেশটির কঠোর আইন অনুযায়ী আদালত এই চরম শাস্তির ব্যবস্থা নিয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে দুজনের বিস্তারিত পরিচয় ও মামলার বিবরণ জানতে চেয়েছে। সৌদি আরব এই চিঠির আনুষ্ঠানিক জবাব দিলে এবং আইনি প্রক্রিয়া স্পষ্ট হলে কীভাবে তাদের মৃতদেহগুলো বাংলাদেশে ফেরত আনা যাবে, সে বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।

প্রসঙ্গত, গত বুধবার (১৪ অক্টোবর) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সৌদি প্রেস এজেন্সি’ (এসপিএ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি বিশ্ববাসীকে নিশ্চিত করে। দণ্ডপ্রাপ্ত ও নিহত ওই দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম এবং সুইটি আখতার।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি