দোষী হলে দলমত না দেখে ব্যবস্থা নিন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রকাশিত : ২২:১৮, ২০ ফেব্রুয়ারি ২০২৬
দলমত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, গত ১৭ বছরে দেশে যা ঘটেছে, তার পুনরাবৃত্তি যেন আর না হয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়-এ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের পরামর্শকেও গুরুত্ব দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, রমজানে মানুষ যেন শান্তিপূর্ণভাবে রোজা ও ঈদ পালন করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে হবে।
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে শামা ওবায়েদ বলেন, “মাদকসেবীরা অনেক ক্ষেত্রে ভুক্তভোগী হলেও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। স্বল্পমেয়াদে কঠোর পদক্ষেপের পাশাপাশি দীর্ঘমেয়াদে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।
এ সময় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা সমাজসেবা কর্মকর্তা এ.এস.এম. আলী আহসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী, সদস্য সচিব একে কিবরিয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলাম রিয়াজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআর//
আরও পড়ুন










