ঢাকা, শুক্রবার   ০৪ সেপ্টেম্বর ২০২৬

ধর্ম পালনে কোনো ধরনের মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫০, ৪ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছে। ধর্ম পালনে বা আচার-অনুষ্ঠানে কোনো ধরনের বাধা-বিপত্তি বা মাস্তানি করার সুযোগ দেয়া হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় মঠবাড়ি মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছে। ধর্ম পালনে বা আচার-অনুষ্ঠানে কোনো ধরনের বাধা-বিপত্তি বা মাস্তানি করার সুযোগ দেয়া হবে না । যারা এ ধরনের কাজে যুক্ত হবে, তথ্য পাওয়া মাত্রই তাদের আইনের আওতায় আনা হবে।  

আইনমন্ত্রী বলেন, ৫ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। অশুভ শক্তি ও সব অপশক্তির বিনাশের উদ্দেশ্যে তার জন্ম হয়। আমরা যখন দেশের সব অপশক্তির বিরুদ্ধে কাজ করব, কথা বলব, আমি বিশ্বাস করি আপনারা আমাদের পাশে থাকবেন।

তিনি আরও বলেন, ধর্মের প্রতি আপনাদের যে আস্থা-বিশ্বাস সেই জায়গাটাতে আপনাদের সঙ্গে আমি সংহতি প্রকাশ করতে এসেছি। আপনারা আপনাদের উৎসব পালন করবেন, সরকার আপনাদের পাশে আছে।

আলোচনা অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত একটি বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি