ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬

নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৫, ২৫ মার্চ ২০২৬ | আপডেট: ১৪:৩০, ২৫ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

নতুন অ্যাটর্নি জেনারেল হয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ মার্চ) এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এবং বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান।

তিনি বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিএনপির আইনি সহায়তা সাব-কমিটির টিম লিডার হিসেবেও কাজ করেছেন। তিনি বিভিন্ন সময়ে আইন পেশা ও আইনি সংস্কার নিয়ে কাজ করেছেন। তিনি উচ্চ আদালতে বিভিন্ন রাজনৈতিক ও সাংবিধানিক গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করে থাকেন। 

এদিকে আওয়ামী লীগের আমলে আইনজীবী সমিতির রাজনীতি করতে গিয়ে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে বারবার জেল ও রিমান্ডে যেতে হয়েছিল।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ব্যারিস্টার কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।

জানা গেছে, ১৯৮৮ সালে  যশোর শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ৮ম হয়েছিলেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ছাত্র জীবনে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। 

উল্লেখ্য,২০০৩-০৬ সাল পর্যন্ত  লন্ডন হাইকমিশনে কূটনৈতিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি