নতুন পে-স্কেল: সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
প্রকাশিত : ২৩:১১, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:২০, ১২ নভেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-পরবর্তী সুবিধায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের জাতীয় বেতনস্কেলের আলোকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিট পেনশন বৃদ্ধির হার এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ পেনশনের সীমা নির্ধারণ করে নতুন গেজেট প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়।
নতুন এই নির্দেশনায় বর্তমানে প্রাপ্ত নিট পেনশনের পরিমাণের ওপর ভিত্তি করে ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত পেনশন বৃদ্ধির সুযোগ রাখা হয়েছে। এর ফলে অবসরভোগীদের মাসিক সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারিত হলো।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করা হয়। বুধবার (১১ নভেম্বর) স্বাক্ষরিত গেজেটটি বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত হয়েছে। ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ক্ষমতাবলে প্রণীত ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এর কতিপয় ধারা সংশোধন করে এই প্রজ্ঞাপন জারি করা হলো, যা ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন তারিখে একজন অবসরপ্রাপ্ত কর্মচারী যে পরিমাণ নিট পেনশন পেতেন, তার ওপর ভিত্তি করে এই বৃদ্ধির হার হিসাব করা হবে। এক্ষেত্রে যাদের নিট পেনশন ৯ হাজার টাকা বা তার কম, তাদের পেনশন দ্বিগুণ অর্থাৎ ১০০ শতাংশ বৃদ্ধি পাবে। এছাড়া ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনভোগীদের ৭৫ শতাংশ এবং ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের ৬৫ শতাংশ হারে পেনশন বাড়বে।
পাশাপাশি, যাদের নিট পেনশন ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকার মধ্যে, তাদের ক্ষেত্রে ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা এর বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য ৫৫ শতাংশ বৃদ্ধির নিয়ম করা হয়েছে।
সংশোধিত এই কাঠামোয় পেনশন বৃদ্ধির পর কোনো অবসরভোগীর নিট পেনশন ১০ হাজার টাকার কম হবে না। তবে পূর্বের পেনশনের ধাপ অনুযায়ী সর্বোচ্চ সীমাও বেঁধে দেওয়া হয়েছে। সে অনুযায়ী, ৯ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিদের সর্বোচ্চ সীমা হবে ১৮ হাজার টাকা। একইভাবে ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকার ধাপে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা, ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকার ধাপে ৪৯ হাজার টাকা, ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকার ধাপে ৬২ হাজার টাকা এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন গেজেটে একাধিক পারিবারিক পেনশনভোগীর ক্ষেত্রেও সুস্পষ্ট নিয়ম যুক্ত করা হয়েছে। কোনো মূল পেনশনভোগী একাধিক ওয়ারিশ বা পারিবারিক পেনশনভোগী রেখে মৃত্যুবরণ করলে, মূল পেনশনভোগীর প্রাপ্য উৎসব ভাতাকে ভিত্তি ধরে প্রচলিত বিধি অনুযায়ী আনুপাতিক হারে সবার মধ্যে নিট পেনশন ভাগ করে দিতে হবে।
অন্যদিকে, বর্তমানে যারা মাসিক ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন উত্তোলন করছেন, তারা ২০২৭ সালের ১ জুলাই বার্ষিক নিট পেনশন বৃদ্ধির নিয়ম কার্যকর না হওয়া পর্যন্ত আগের হারেই পেনশন পেতে থাকবেন।
এছাড়া অবসর-উত্তর ছুটি (পিআরএল) ও পেনশন নির্ধারণের ক্ষেত্রেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে শুরু হয়ে ওই তারিখে বা তার পরেও চলমান রয়েছে, তারা ২০১৫ সালের জাতীয় বেতনস্কেল অনুযায়ী বিশেষ সুবিধাসহ পিআরএল-কালীন বেতন-ভাতা পাবেন। তবে তাদের ছুটি শেষ হওয়ার পর নিট পেনশন ও আনুতোষিক ২০২৬ সালের নতুন বেতনস্কেলের নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে।
তবে যেসব সরকারি কর্মচারী ২০২৬ সালের ১ জুলাই বা তার পরবর্তী সময়ে অবসর-উত্তর ছুটিতে যাবেন, তারা শুরু থেকেই ২০২৬ সালের জাতীয় বেতনস্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রাপ্য হবেন। ছুটি শেষে তাদের নিট পেনশন ও আনুতোষিকও নতুন বেতনস্কেলের বিধান অনুসারে চূড়ান্ত করা হবে।
ল্যাম্পগ্র্যান্ট বা এককালীন অনুদানের বিষয়ে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কোনো কর্মচারীর চাকরি ২০২৬ সালের ৩০ জুন শেষ হওয়ার পর ১ জুলাই অবসর-উত্তর ছুটি শুরু হলে তিনি ২০১৫ সালের বেতনস্কেল অনুযায়ী নির্ধারিত শেষ মূল বেতনের সমপরিমাণ ল্যাম্পগ্র্যান্ট পাবেন। কিন্তু ১ জুলাই বা তার পরে অবসর-উত্তর ছুটি শুরু হলে ২০২৬ সালের নতুন বেতনস্কেল অনুযায়ী নির্ধারিত মূল বেতনের সমপরিমাণ ল্যাম্পগ্র্যান্ট প্রাপ্য হবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম এই গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।
আরও পড়ুন










