নাটোরে বসতঘরে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু, দগ্ধ আরও ১
প্রকাশিত : ১০:৩৩, ৯ ফেব্রুয়ারি ২০২৬
নাটোরের গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও দুই বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে। এতে গুরুতর দগ্ধ হয়েছেন আরও একজন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরের দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্থানীয় কৃষক রান্টুর স্ত্রী আতিয়া (২৮) এবং তাদের এক বছর বয়সী মেয়ে রওজা। অগ্নিকাণ্ডে রান্টুর মা মর্জিনা বেগম গুরুতর দগ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মরদেহ বর্তমানে পরিবারের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানান, আগুনে মোন্তারের দুটি ও তার ছেলে মিন্টুর দুটি ঘরসহ মোট চারটি ঘর, বসতবাড়ির আসবাবপত্র এবং পাশের একটি মুদিদোকান পুড়ে যায়। এছাড়া অগ্নিকাণ্ডে ১২টি ছাগল মারা গেছে। এতে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান।
গুরুদাসপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এএইচ
আরও পড়ুন










