ঢাকা, মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬

নাম পরিবর্তন নয়, থার্ড টার্মিনাল চালুই লক্ষ্য সরকারের: বিমানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:১৭, ৮ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

বিমানবন্দরের নাম পরিবর্তন না করে, দ্রুত থার্ড টার্মিনাল চালুর দিকেই এখন সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে এ কথা বলেন তিনি।

আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে টার্মিনালটি চালুর ব্যাপারে আশাবাদী সরকার। পাশাপাশি আজ থেকেই শুরু হচ্ছে জাপানের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া। 

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলে রাখা হয়েছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ৬ মাস আগে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রশ্ন উঠছে আবার কি আগের নামে ফিরবে দেশের এই বিমানবন্দর? কিন্তু রাষ্ট্রের অর্থ অপচয় করে বিমানবন্দরের নাম পরিবর্তন করছে না সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 

আংশিকভাবে হলেও আগামী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর ব্যাপারে আশাবাদী সরকার। ধাপে ধাপে আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে টার্মিনালটি পুরোপুরি চালু করা সম্ভব হবে বলে জানান মন্ত্রী। 

এর ফলে বিমানবন্দরের বর্তমান যাত্রী চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

বিমানমন্ত্রী জানান, থার্ড টার্মিনাল পরিচালনার আয়ের ২৭ শতাংশ দেশে রেখে বাকি অংশ জাপানকে দেওয়া হবে। এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তির কার্যক্রম আজ থেকেই শুরু হচ্ছে।

থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাশাপাশি যাত্রীরা যেন দ্রুত সময়ের মধ্যে লাগেজ পান, সে বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি