নিউগিনি আবাসনে হামলা: জামিন পেলেন সাবেক সেনা কর্মকর্তা মহিউদ্দিন
প্রকাশিত : ১৫:১৪, ৫ অক্টোবর ২০২৬
রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে জামিন দিয়েছে আদালত। গ্রেপ্তারের ৫ দিনের মাথায় জামিন পেলেন তিনি।
সোমবার ঢাকার মেট্রোপলিটন আদালতের বিচারক আমিনুল ইসলাম জুনায়েদের আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দেন।
আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, ২ হাজার টাকার মুচলেকায় ধার্য তারিখ পর্যন্ত তাকে জামিন দিয়েছেন আদালত। আগামী ২৮ অক্টোবর এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আলোচিত এ মামলার ৪ নম্বর আসামি তিনি।
গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলার ঘটনা ঘটে। ওইদিন হামলাকারীরা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালায়।
এ ঘটনায় নিউগিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে।
এএইচ
আরও পড়ুন










