ঢাকা, শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬

নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগেনি: পল্লী বিদ্যুৎ এজিএম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১০, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:২২, ১৩ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি। 

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. তোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১১ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযোগ কেন্দ্র থেকে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে পল্লী বিদ্যুতের দুজন লাইনম্যান ঘটনাস্থলে পৌঁছে লাইন নিরাপদ করেন এবং ক্ষতিগ্রস্ত ভবনের মিটার ও বৈদ্যুতিক তার উদ্ধার করেন।

উদ্ধারকৃত আলামত পরীক্ষার বরাত দিয়ে তোজাম্মেল হক বলেন, আগুনে কেবল মিটারের বাইরের প্লাস্টিকের কভার পুড়েছে, তবে ভেতরের সার্কিট ও সংযুক্ত চারটি তার সম্পূর্ণ অক্ষত রয়েছে। এ ছাড়া গ্রাহক প্রান্তের মেইন সুইচের কাটআউটের ফিউজ, ট্রান্সফরমারের ফিউজ কিংবা সার্ভিস ড্রপ তারেও কোনো ক্ষয়ক্ষতি বা বিচ্ছিন্ন হওয়ার চিহ্ন মেলেনি। সাধারণত শর্টসার্কিট হলে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের কারণে ফিউজ কেটে যাওয়ার কথা থাকলেও উদ্ধার হওয়া আলামতে এমন কোনো লক্ষণ পাওয়া যায়নি। এই বিবেচনায় সেখানে শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি বলে তিনি স্পষ্ট করেন।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে পয়েন্ট অব অর্ডারের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা এবং আলামত মূল্যায়ন করে প্রাথমিকভাবে পেট্রোল বোমা বিস্ফোরণের কোনো শব্দ বা দেয়ালে চিহ্ন পাওয়া যায়নি। বাড়িটি পুরোনো এবং বৈদ্যুতিক ওয়্যারিং দুর্বল থাকায় শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে তিনি ধারণা প্রকাশ করেছিলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছিলেন, কম ব্যবহৃত ওই বাড়িতে কেয়ারটেকারের জুতা তৈরির সরঞ্জাম ও কাপড় পুড়ে গেছে এবং দুটি ছাগল মারা গেছে।

এদিকে শুক্রবার সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া জানিয়ে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেন, তিনি এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এই অগ্নিকাণ্ডটি আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা। দলটির পক্ষ থেকে দায় স্বীকারের দাবি, ঘটনাটি নিয়ে উল্লাস প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার ধরনই তা প্রমাণ করে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, থানায় মামলা করার সময় একজন আসামির অবস্থান ও মোবাইল নম্বরসহ গুরুত্বপূর্ণ তথ্য পুলিশকে দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। পাশাপাশি নাশকতার মূল কারণ ও জড়িতদের খুঁজে বের করার বদলে বাড়িটি কাঁচা না পাকা বা সেখানে কী থাকত, তা নিয়ে আলোচনার তীব্র নিন্দা জানান তিনি। তদন্ত শেষ হওয়ার আগেই জাতীয় সংসদে দাঁড়িয়ে তদন্তের ফলাফল জানিয়ে দেওয়ার মতো আচরণেরও তীব্র বিরোধিতা করেন এই সংসদ সদস্য।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি