ঢাকা, শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬

নৌ পুলিশ কর্মকর্তার মাতলামি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৩, ৫ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে নৌ থানা পুলিশের এক উপপরিদর্শকের মাতলামির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

শুক্রবার গভীর রাতে শহরে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সদর নৌ থানার পাশে সেন্ট্রাল খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, নৌ পুলিশ কর্মকর্তা মান্নান নেশাগ্রস্থের মতো মাতলামি ও অস্বাভাবিক আচরণ করছেন। মাটিতে বসে কিছুক্ষণ গান গাইছেন, নাচছেন, আবার কিছুক্ষণ বিলাপ করছেন। তার অসংলগ্ন কথাবার্তা ও অস্বাভাবিক আচরণে আশপাশে লোকজনের ভীড় জমে যায়। 

তখন জনতার প্রশ্নের জবাবে মান্নান বলেন, তার স্ত্রী তাকে মারধর করেছেন। এজন্য তিনি মদ পান করেছেন বলে স্বীকারও করেন।

তবে পুলিশ কর্মকর্তা আব্দুল মান্নান পারিবারিক কারণে মানসিক সমস্যায় ভুগছেন বলে দাবি সদর নৌ পুলিশের ওসি রকিবুজ্জামানের। 

তিনি জানান, নৌ পুলিশ কর্মকর্তা মান্নানের পরিবারের কাছ থেকে চিকিৎসাপত্র সংগ্রহ করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজের বিষয়টি পুলিশের উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোন নির্দেশনা আসেনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি