ঢাকা, রবিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় সাংবাদিকদের মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৬, ১৩ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছেন জেলার সাংবাদিকরা। ডিবি কার্যালয়ে এক তরুণীকে ব্যবহার করে জহুরুল ইসলামের বিরুদ্ধে সাজানো বক্তব্যের ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রাশেদুল ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। 

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাবনা প্রেসক্লাবের উদ্যোগে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে আয়োজিত মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

পরে সাংবাদিক নেতারা পাবনা জেলা প্রশাসক ও পাবনা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।

মানববন্ধনে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, ডিবি কার্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ ও নিরাপত্তাবেষ্টিত স্থানে একজন নারীকে ভয়ভীতি দেখিয়ে বা জিম্মি করে একজন সাংবাদিক নেতার বিরুদ্ধে সাজানো বক্তব্যের ভিডিও ধারণ করা হয়েছে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে জহুরুল ইসলামের সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়।

বক্তারা বলেন, একজন সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও সাজানো তথ্য প্রচার শুধু ব্যক্তিগতভাবে তাকে হেয় করার ঘটনা নয়; এটি স্বাধীন সাংবাদিকতার ওপরও আঘাত। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বক্তারা আরও অভিযোগ করেন, সম্প্রতি সাংবাদিক নামধারী একটি কুচক্রী মহল পাবনা প্রেসক্লাবের নামের সঙ্গে সাদৃশ্য রেখে পৃথক সংগঠন গড়ে তুলেছে। ওই মহলের বিরুদ্ধে মাদক ব্যবসা, জমি দখল, ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে দাবি করেন তারা। 

এসব অপতৎপরতার বিরুদ্ধে মূলধারার সংবাদকর্মীরা জেলা আইনশৃঙ্খলা কমিটিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। এর জেরে ক্ষুব্ধ হয়ে ওই চক্রটি কতিপয় অসাধু রাজনৈতিক নেতা ও পুলিশ কর্মকর্তার সহায়তায় এক তরুণীকে ব্যবহার করে জহুরুল ইসলামের বিরুদ্ধে সাজানো ঘটনার অবতারণা করেছে বলে অভিযোগ করেন সাংবাদিক নেতারা।

মানববন্ধনে পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সম্পাদক আব্দুল মতীন খান, সাবেক সভাপতি ও এনটিভি-সমকালের স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমান, সাবেক সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো চিফ উৎপল মির্জা, একুশে টিভি ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার রাজিউর রহমান রুমী, বাংলাদেশ টুডের প্রতিনিধি আব্দুল হামিদ খান, জিকে সাদী, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, প্রথম আলোর প্রতিনিধি সরোয়ার মোর্শেদ উল্লাস, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি কাজী বাবলা, এটিএন নিউজ ও আগামীর সময়ের প্রতিনিধি রিজভী জয়, ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পাবনার সভাপতি জিয়াউল হক রিপন, বাংলাদেশ পুস্তক বিক্রেতা সমিতি পাবনার সভাপতি আব্দুল মজিদসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন। এ সময় প্রায় শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নাফিসা নামে ওই তরুণী অভিযোগ করেন, সুবর্ণা হালিম নামে এক নারী নেত্রী তাকে জহুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করেন। পরে তাকে পাবনা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মা-বাবার উপস্থিতিতে সোহেল রানা বিপ্লব নামে এক কথিত সাংবাদিক ওই বক্তব্যের ভিডিও ধারণ করেন বলে দাবি করেন নাফিসা।

মানববন্ধন শেষে ডিবির ওসি রাশেদুল ইসলামকে প্রত্যাহার এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে পাবনা পুলিশ সুপার আবু আশরাফের কাছে স্মারকলিপি দেন সাংবাদিক নেতারা। স্মারকলিপির অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), রাজশাহী রেঞ্জের ডিআইজি ও পাবনা জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি