পাহাড়ধস: চকরিয়ায় মাটিচাপা পড়ে ঘুমন্ত ভাইবোনের মৃত্যু
প্রকাশিত : ১৪:৪২, ৯ জুলাই ২০২৬
টানা ভারী বর্ষণে কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ধসে ঘুমন্ত অবস্থায় মাটিচাপা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেল ৩ দিনে কক্সবাজারে পাহাড়ধসে ২০ জনের মৃত্যু হলো।
বুধবার দিবাগত রাত দুটার দিকে বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় এ পাহাড়ধসের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, ভারী বৃষ্টিতে পাহাড়ের একটি অংশ ধসে বসতঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মাটিচাপা পড়েন তিনজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাইরে নিয়ে এলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত এক নারীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহতরা হলেন- ১৪ বছর বয়সী তৌসিফ ও ১৭ বছর বয়সী রুমি আক্তার। নিহতরা একে অপরের চাচাতো ভাইবোন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন দেলোয়ার নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের অন্ধকারে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজ চালান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম যায়।
এদিকে, টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও পাহাড়ধসের ঘটনা ঘটছে। বুধবার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একটি মাদ্রাসার আট শিক্ষার্থীর মৃত্যু হয়। মঙ্গলবার দরিয়ানগরের বড়ছড়া এলাকায় পাহাড়ধসে প্রাণ হারান একজন। আর সোমবার উখিয়া ও কক্সবাজার পৌরসভার সাত্তার ঘোনায় পৃথক পাহাড়ধসের ঘটনায় নিহত হন নয়জন।
সব মিলিয়ে ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।
এএইচ
আরও পড়ুন










