পিবিআইয়ের হাতে ‘জিনের বাদশা’ ‘অলৌকিক তান্ত্রিক’ ২ প্রতারক গ্রেপ্তার
প্রকাশিত : ২১:৫২, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৫৫, ২১ অক্টোবর ২০২৬
কখনো ‘জিনের বাদশা’, কখনো বা অলৌকিক ক্ষমতাসম্পন্ন তান্ত্রিক কিংবা কবিরাজ। আবার কখনো পরিচিত মানুষের মোবাইল সিম ক্লোন করে কম দামে বিক্রির লোভনীয় অফার! অভিনব এসব প্রতারণার ফাঁদ পেতে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ফরিদপুর।
ভোলা জেলায় অভিযান চালিয়ে চক্রটির দুই সদস্যকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিরা আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পিবিআই জানায়, প্রতারণার সর্বশেষ শিকার হয়েছেন রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকার চাল ব্যবসায়ী রশিদুল ইসলাম।
বুধবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন পিবিআইয়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।
তিনি জানান, ২০২৪ সালের মার্চ মাসে চাল ব্যবসায়ী রশিদুলের পরিচিত ‘বিজয় বাবু’ নামক এক ব্যক্তির মোবাইল নম্বর ক্লোন করে প্রতারক চক্রটি। এরপর ওই নম্বর থেকে ফোন দিয়ে কম দামে ৩৩ টন চাল সরবরাহের প্রলোভন দেখানো হয়। পরিচিত ব্যক্তির নম্বর ও ভুয়া অফার বিশ্বাস করে রশিদুল বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের মাধ্যমে মোট ৩ লাখ ৭৫ হাজার টাকা পাঠান। টাকা পাঠানোর পর চাল না পেয়ে ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং আইনগত ব্যবস্থা নেন তিনি।
অভিযোগ পাওয়ার পর পিবিআইয়ের একটি চৌকস দল নিবিড় তদন্ত শুরু করে এবং প্রযুক্তির সহায়তায় ভোলা থেকে চক্রটির দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পিবিআই প্রধান আরও জানান, এই চক্রটি দীর্ঘ দিন ধরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে ব্ল্যাকমেইল ও প্রতারিত করে আসছিল। বিশেষ করে নারীদের অলৌকিক ভয়ভীতি দেখানো, ভুয়া তান্ত্রিক ও কবিরাজ সেজে দূরারোগ্য ব্যাধি নিরাময়ের আশ্বাস দেওয়া এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সিম ক্লোনিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করাই ছিল তাদের মূল পেশা।
প্রতারক চক্রের এমন ফাঁদ থেকে বাঁচতে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেন, “অপরিচিত বা সন্দেহজনক কোনো আর্থিক প্রলোভন, জিনের বাদশা কিংবা তান্ত্রিকের গুজবে কেউ কান দেবেন না। যেকোনো লেনদেনের পূর্বে পরিচয় নিশ্চিত হওয়া জরুরি।”
এএইচ
আরও পড়ুন










