ঢাকা, বুধবার   ১৮ নভেম্বর ২০২৬

পিরোজপুরে চুরির অভিযোগে বৃদ্ধের গলায় কলা-সুপারি ঝুলিয়ে শিকল বেঁধে নির্যাতন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৮, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৪, ১৮ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

পিরোজপুরের জিয়ানগরে চুরির অভিযোগে রুহুল আমিন আকন নামে এক বৃদ্ধের কোমরে শিকল বেঁধে এবং গলায় কলা ও সুপারির ছড়া ঝুলিয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ উঠেছে দুই প্রতিবেশীর বিরুদ্ধে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর রাত ১টার দিকে প্রতিবেশী হালিম সিকদারের বাগান থেকে এক ছড়া সুপারি পাড়ার সময় তার ভাই জব্বার সিকদার রুহুল আমিনকে ধরে ফেলেন। পরে হালিম ও জব্বার তাকে শিকল দিয়ে বেঁধে রাখেন। এ সময় তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন রুহুল আমিন।

পরে সকালে কোমরে শিকল বাঁধা অবস্থায় রুহুল আমিনের গলায় একটি কলার ছড়া ও একটি সুপারির ছড়া ঝুলিয়ে তাকে রাস্তা দিয়ে পাশের হাটে নিয়ে যাওয়া হয়। তাকে থানায় পুলিশের কাছে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হলে স্থানীয় নাসির উদ্দিন তাদের কাছ থেকে রুহুল আমিনকে ছাড়িয়ে নেন।

রুহুল আমিনের স্ত্রী মিনারা বেগমের অভিযোগ, এ সময় তার স্বামীর কাছে ১০ হাজার টাকা জরিমানা দাবি করেন হালিম সিকদার। পরে ৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার স্বামীকে ছাড়িয়ে নেওয়া হয়।

মিনারা বেগম বলেন, ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় তার সন্তানদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হতে হচ্ছে। তার স্বামী মানসিকভাবেও সুস্থ নন বলে দাবি করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন মিনারা বেগম।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। একজন বৃদ্ধকে এভাবে শিকল বেঁধে রাস্তায় ঘোরানো ও প্রকাশ্যে হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে।

এ বিষয়ে ফাহিম ইসলাম নামে একজন বলেন, একজন বৃদ্ধ, যিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে, তাকে সামান্য সুপারি চুরির অভিযোগে এভাবে শিকল বেঁধে অমানবিকভাবে হেনস্তা করা হয়েছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

অভিযোগের বিষয়ে জানতে হালিম সিকদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কথা বলার জন্য বাসার সামনে অপেক্ষা করতে বলেন। এর কিছুক্ষণ পর তার ভাইয়ের ছেলে ও ইন্দুরকানী সদর ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান সিকদার ফোন করে ঘটনার বিষয়ে কথা বলেন।

তিনি দাবি করেন, তাদের পরিবারের কেউ রুহুল আমিনকে মারধর করেননি। রুহুল আমিন একজন পেশাদার চোর উল্লেখ করে তিনি বলেন, চুরি করার সময় ধরা পড়ার পর স্থানীয় লোকজন তাকে বেঁধে রেখেছিলেন। তবে এভাবে বেঁধে রাস্তায় ঘোরানো ঠিক হয়নি বলেও স্বীকার করেন তিনি।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখার পর তিনি ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠিয়েছিলেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি