পুলিশ পিকআপের ওপর উল্টে পড়ল ট্রাক, কনস্টেবলের মৃত্যু
প্রকাশিত : ১২:৫৬, ৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:৫৮, ৪ আগস্ট ২০২৬
কিশোরগঞ্জের কুলিয়ারচরে উদ্ধার অভিযানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হাইওয়ে পুলিশের কনস্টেবল পারভেজ মিয়া (৩০)। ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের পিকআপভ্যানের ওপর মালবোঝাই একটি ট্রাক উল্টে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ মিয়া ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি সিএনজি অটোরিকশার দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশের একটি দল উদ্ধার কাজে রওনা দেয়। দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পিকআপভ্যানটির একটি চাকায় বাতাস কম থাকায় চালক সড়কের পাশে গাড়ি থামিয়ে তাতে বাতাস নিচ্ছিলেন।
এ সময় পেছন থেকে আসা ধানবোঝাই ট্রাকটি একটি সিএনজিকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের পিকআপভ্যানের ওপর উল্টে পড়ে।
এতে পিকআপের ভেতরে থাকা কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতা ও পুলিশের সহযোগিতায় উদ্ধার অভিযান চালান। পরে ট্রাকের নিচ থেকে কনস্টেবল পারভেজের মরদেহ উদ্ধার করা হয়।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, পিকআপের চাকায় বাতাস নেয়ার সময় পেছন থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের পিকআপের ওপর উল্টে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে কনস্টেবল পারভেজ মিয়া ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ উদ্ধার করে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এএইচ
আরও পড়ুন










