ঢাকা, রবিবার   ০৬ সেপ্টেম্বর ২০২৬

প্রতারণার মামলায় জামিন পেলেন বিদিশা এরশাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ৬ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার মুক্তিতে বাঁধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

রোববার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

এর আগে প্রতারণায় মামলায় ২ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি বিদিশা সিদ্দিককে গ্রেফতারের পর কারাগারে পাঠান বিচারিক আদালত। 

গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ। 

২০০৮ সালের একটি প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ঢাকার পল্লবী এলাকার ব্যবসায়ী এ কে এম মোশাররফ হোসেন সিকদার ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় এ মামলা করেছিলেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, বারিধারায় একটি ফ্ল্যাটের জন্য ২০০১ সালের ১০ জুলাই বিদিশাকে ৭৫ লাখ টাকা দেন মোশাররফ। ২০০২ সালের ১০ জুলাই ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়ার কথা ছিল।

তবে কয়েক বছর পার হয়ে গেলেও ফ্ল্যাটটি হস্তান্তর করা হয়নি বলে অভিযোগ করেন বাদী। পরে বিদিশা ৭৫ লাখ টাকার একটি চেক দিলেও অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় ২০০৫ সালের ২ মে চেকটি প্রত্যাখ্যাত হয়।

টাকা ফেরত পাওয়ার চেষ্টা করা হলে হুমকি-ধামকি দেয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করেন বাদী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি