ঢাকা, শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬

ফরিদপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২৩:৪০, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

দীর্ঘ ১৮ মাস পর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা সদরের প্রধান সড়কের পাশে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রলীগ নেতা সেখ সৌরভ ও মো. শাওনের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের সময় কয়েকজন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ বিষয়ে জানতে চাইলে নিষিদ্ধ ঘোষিত আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী কাওছার হোসেন টিটো বলেন, বিকেলে ছাত্রলীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। তিনি দাবি করেন, “হাজারো চেষ্টা করেও বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার কর্মীদের দমিয়ে রাখা যাবে না।”

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, “বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগও করেননি।”

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি