ঢাকা, মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬

ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের নির্বাচনী গণমিছিল জনসমুদ্রে পরিণত

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪৮, ৯ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর সদর–৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচনী গণমিছিল জনসমুদ্রে পরিণত হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শুরুর আগেই ফরিদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জড়ো হন।

পরে সেখান থেকে বিশাল গণমিছিল নিয়ে ফরিদপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। একপর্যায়ে পুরো এলাকা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। শহর প্রদক্ষিণ শেষে ময়েজ মঞ্জিলে এসে গণমিছিলের সমাপ্তি ঘটে।

গণমিছিলে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে ‘ধানের শীষে ভোট দিন’, ‘তারেক রহমানের নির্দেশ—ধানের শীষের বিজয় নিশ্চিত’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “ফরিদপুরের মানুষ পরিবর্তন চায়। জনগণ আজ ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয়ের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।” তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

নেতাকর্মীদের দাবি, এই গণমিছিল প্রমাণ করেছে ফরিদপুর সদর–৩ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি