ঢাকা, বুধবার   ২৭ মে ২০২৬

ফরিদপুরে জমির বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৪, ২৭ মে ২০২৬

Ekushey Television Ltd.

ফরিদপুরের বোয়ালমারীতে বিরোধপূর্ণ জমিতে বাথরুম নির্মাণকে কেন্দ্র করে ফিরোজা বেগম (৭১) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২৭ মে) দুপুরে উপজেলার চতুল ইউনিয়নের বনচাকী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম ওই গ্রামের ওজেদ মোল্যার মেয়ে ও মৃত মুক্তার মোল্লার স্ত্রী।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ফিরোজা বেগমের বাবার সম্পত্তি নিয়ে পার্শ্ববর্তী রামচন্দ্রপুর গ্রামের টুলু মিয়া ও তার লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও হয়। আদালতের রায় ফিরোজা বেগমের পক্ষে গেলেও প্রতিপক্ষরা ওই জমি দখলে রেখেছিল বলে অভিযোগ রয়েছে।

বুধবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে ফিরোজা বেগম বাথরুম নির্মাণ করতে গেলে টুলু মিয়া (৪৫), তার ভাই বাচ্চু মিয়া (৫৫), রসুল মিয়া (৭৫) ও বাচ্চু মিয়ার ছেলে বাপ্পি মিয়া (২৭) তাকে মারধর করেন বলে অভিযোগ করেন স্বজনরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বোন সবুর নেছা বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা আমার বোনকে কিল-ঘুষি ও লাথি মেরে হত্যা করেছে।”

নিহতের ছেলে আজিজুর মোল্লা বলেন, “আমাদের জমি জোর করে দখল করে রেখেছিল টুলু মিয়া গংরা। সেখানে বাথরুম নির্মাণ করতে গেলে তারা আমার মাকে মারধর করে হত্যা করে। আমি হত্যাকারীদের বিচার চাই।”

স্থানীয় ইউপি সদস্য মো. জালাল সিকদার জানান, জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার ওই জমিতে বাথরুম নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ফিরোজা বেগমের মৃত্যু হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি