ফরিদপুরে নিখোঁজের তিন দিন পর শিশুর গলিত মরদেহ উদ্ধার
প্রকাশিত : ২২:৪০, ২৯ জুন ২০২৬ | আপডেট: ২২:৪২, ২৯ জুন ২০২৬
ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়িয়াল খাঁ নদের তীরবর্তী একটি কাশবন থেকে শাহাদাত হোসেন (৮) নামে এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মেলার দোলনার মালিকসহ পাঁচ কর্মচারীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার চরনাছিরপুর এলাকার কাশবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাহাদাত হোসেন সদরপুর উপজেলার বাসিন্দা এবং একটি কওমি মাদ্রাসার শিক্ষার্থী। গত শুক্রবার (২৬ জুন) চন্দ্রপাড়া দরবারসংলগ্ন একটি মেলায় ঘুরতে গিয়ে সে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি।
সোমবার বিকেলে মেলার দোলনার এক কর্মচারী ইয়াছিন মোবাইল ফোনে শাহাদাতের বোনকে মরদেহের অবস্থান জানায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে কাশবনের ভেতর শিশুটির গলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তবে মরদেহ উদ্ধারের পর থেকেই ইয়াছিন পলাতক রয়েছেন।
ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা মেলার দোলনার মালিক দেলোয়ার বেপারীসহ পাঁচ কর্মচারীকে আটক করে গণপিটুনি দেন। পরে তাদের সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
খবর পেয়ে সদরপুর থানা পুলিশ এবং ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।
এমআর//
আরও পড়ুন










