ফরিদপুরে পদ্মার চরে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই
প্রকাশিত : ২২:২৫, ২১ এপ্রিল ২০২৬
আ.লীগ নেতা মো.কবির খান
ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের মুন্সিরচর বাজারে এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ব্যক্তি হলেন চরহরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কবির খান (৫২)।
পুলিশ জানায়, সন্ত্রাস দমন আইনে কবির খানকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালানো হয়। তাকে হ্যান্ডকাফ পরানোর পরপরই তার নেতৃত্বাধীন লাঠিয়াল বাহিনী পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কিল-ঘুষি ও লাঠিসোঁটার আঘাতে পুলিশ সদস্যদের আহত করে এবং হ্যান্ডকাফ পরা অবস্থায় তাকে ছিনিয়ে নিয়ে যায়।
আহত পুলিশ সদস্যরা হলেন— এসআই রফিকুল ইসলাম, এসআই কাজী রিপন, এসআই মোজাম্মেল হক বিশ্বাস, এএসআই সোহেল গাজী ও কনস্টেবল উজ্জ্বল হোসেন। আহতদের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চরভদ্রাসন থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, কবির খানের বিরুদ্ধে একাধিক মামলা ও বিভিন্ন অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পদ্মা নদী পাড়ি দিয়ে দুর্গম চরাঞ্চলের মুন্সিরচর বাজারে অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করে হ্যান্ডকাফ পরানো হলে তিনি ধস্তাধস্তি শুরু করেন। তার চিৎকারে ২০-২৫ জনের একটি লাঠিয়াল দল ঘটনাস্থলে এসে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এমআর//
আরও পড়ুন










