ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
প্রকাশিত : ১৭:৪৮, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে রাজু শেখ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল বাশার মিয়া এই রায় ঘোষণা করেন।
একই সঙ্গে আসামিকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিত রাজু শেখ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার অযোধ্যা ঢালার পাড় এলাকার শেষ দুলুর ছেলে।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২১ সালের ১ মার্চ সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর মা রান্নাঘরের কাজে ঘরের বাইরে যান। রাতে শিশুটি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে পূর্ব থেকে ওত পেতে থাকা রাজু শেখ তার মুখে গামছা পেঁচিয়ে তুলে নিয়ে যায়। নিজ বাড়িতে আটকে রেখে রাতভর শিশুটির ওপর নির্যাতন চালানো হয়। পরের দিন সকালে রাজুর বাড়ি থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
এই ঘটনায় ওই দিনই শিশুটির মা বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।
রায় ঘোষণার পর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানি ভূঁইয়া রতন সন্তোষ প্রকাশ করে জানান, এই রায়ের মাধ্যমে তারা ন্যায়বিচার পেয়েছেন। এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তির ফলে সমাজে ধর্ষণের মতো অপরাধ কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এমএইচ
আরও পড়ুন










