ফরিদপুরে হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৩০
প্রকাশিত : ২০:৫৬, ২৯ মে ২০২৬
ফরিদপুরে হামের প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও ৩০ শিশু।
বর্তমানে জেলায় মোট ১২৯ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ জন।
শুক্রবার (২৯ মে) বিকেলে ফরিদপুরের সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সর্বশেষ মারা যাওয়া দুই শিশুর মধ্যে রয়েছে— রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া এলাকার রেজাউল হোসেনের ছেলে আয়ান (৯ মাস) এবং ফরিদপুর সদর উপজেলার হারুকান্দি এলাকার মোহাম্মদ কামরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (৩ মাস)।
তারা দুজনই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১৬ জন শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন জেলার বাসিন্দা।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে বিশেষ আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ মে পর্যন্ত জেলার হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৯৯২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮৩১ জন।
এমআর//
আরও পড়ুন










