ঢাকা, মঙ্গলবার   ১৯ মে ২০২৬

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়, রুল জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ১৯ মে ২০২৬ | আপডেট: ১২:৩৮, ১৯ মে ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর রাস্তায় ও ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

আজ মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এতে হাইকোর্ট জানতে চেয়েছেন ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালার আলোকে হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ কেন সংবিধানের সঙ্গে সাংঘষিক ঘোষণা করা হবে না।

ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬ চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামানের করা রিটে স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটির প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

শুনানিতে অংশ নেয়া অন্য আইনজীবীরা হলেন—মো. ফিরোজ হাওলাদার, মো. ওবায়দুল্লাহ আল মামুন সাকিব, সুব্রত মন্ডল, মো. মোরশেদুল ইসলাম, ইশরাত জাহান, তানিয়া নিশাত, জিনাত পারভীন, আলা উদ্দিন আল আজাদ, কোরাইশ সরকার, মো. নেওয়াজ শরীফ, শাম্মী আক্তার ও জামিয়া আক্তার শরীফ।

আদেশের পর রিটকারী আইনজীবী মো. সোহেবুজ্জামান বলেন, নীতিমালা তৈরি করে হকারদের রাস্তা এবং ফুটপাত বরাদ্দ দেয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এতে সাধারণ মানুষের ফুটপাত দিয়ে নির্বিঘ্নে চলাচলের স্বাধীনতা খর্ব হচ্ছে এবং রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, সড়ক পরিবহন আইনের ৩৭ ধারায় স্পষ্ট বলা আছে যে রাস্তার উভয় পাশে অন্তত ১০ মিটার জায়গা ফাঁকা রাখতে হবে। কিন্তু নীতিমালা করে হকারদের ফুটপাত বরাদ্দ দেয়ার মাধ্যমে এই আইনের সরাসরি লঙ্ঘন করা হচ্ছে। জনগণের মৌলিক অধিকার ও চলাচলের সুবিধা নিশ্চিত করতেই এই রিট করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি