ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম
প্রকাশিত : ১৭:৫৮, ২৪ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রিপন হোসেন পুলিশের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দীন এমপি গাজী নজরুলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড অনুমোদন করেন।
এর আগে ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর ওই রাতেই এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে হেফাজতে নেওয়া হয়।
মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ পরে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।
এর আগে ২১ সেপ্টেম্বর মামলায় গাজী নজরুল ইসলামকে চার দিন এবং মাকছুদা বেগমকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত। পরদিন ২৩ সেপ্টেম্বর মামলায় গ্রেপ্তার দেখিয়ে মরিয়মের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
মরিয়মের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।
এমএইচ
আরও পড়ুন










