ঢাকা, বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৩, ৯ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় এই ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে টানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। 

সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের স্বাভাবিক উপস্থিতি চোখে পড়ছে।

বগুড়া-৬ সংসদীয় আসনের উপ-নির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো. আবিদুর রহমান নির্বাচন করছেন। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির একজন প্রার্থী ফুলকপি প্রতীক নিয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এই আসনে ১৫০টি ভোটকেন্দ্র ও ৮৩৫টি ভোটকক্ষে ভোট গ্রহন করা হবে। এখানে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন ।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি’র চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে একই সঙ্গে দু’টো আসনের সদস্য থাকার বিধান না থাকায় ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। এরপর এই আসনটিকে শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল ঘোষণা করে ইসি।

এই উপনির্বাচনে দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ভোটগ্রহণে নিয়োজিত রয়েছেন ২ হাজার ৬৫৫ জন কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, ৮ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র‍্যাব, সেনাবাহিনী এবং ডগ স্কোয়াড।

মোট ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

বগুড়া-৬ সদর আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট কেন্দ্র ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি। এর মধ্যে ৭৮৭টি স্থায়ী এবং ৪৮টি অস্থায়ী বুথ।

শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনিত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী মো. মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) একজন প্রার্থী কাঁচি প্রতীকে নির্বাচন করছেন।

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন বাতিল ঘোষণা করে ইসি। পরবর্তীতে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হয়।

শেরপুর-৩ আসনে একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫ হাজার ৬৬ জন, নারী ২ লাখ ৮ হাজার ৩০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭ জন।

এ আসনে মোট ১২৮টি ভোটকেন্দ্রের মধ্যে ২৭টি অধিক গুরুত্বপূর্ণ, ৩২টি গুরুত্বপূর্ণ এবং ৬৯টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোটকক্ষ রয়েছে ৭৫১টি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি