ঢাকা, বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৯, ৮ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

স্বয়ংক্রিয় বট ব্যবহার করে ট্রেনের বিপুল সংখ্যক টিকিট কৃত্রিমভাবে ব্লক করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে একটি অননুমোদিত ওয়েবসাইটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এ সাইবার অপরাধের ঘটনায় সংশ্লিষ্ট ওয়েবসাইটটি বাংলাদেশ থেকে ব্লক করা, জড়িতদের গ্রেফতার এবং ই-টিকিটিং ব্যবস্থার নিরাপত্তা জোরদারে জরুরি উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের পরিচালক আনিসুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি বুকমাইরেলবিডি ডটকম নামে একটি অননুমোদিত ও অবৈধ ওয়েবসাইট স্বয়ংক্রিয় বট ব্যবহার করে রেলওয়ের ই-টিকিটিং সিস্টেম থেকে বিপুল সংখ্যক টিকিট কৃত্রিমভাবে আটকে রাখছিল। পরবর্তীতে এসব টিকিট অতিরিক্ত দামে কালোবাজারে বিক্রি করা হচ্ছিল। এই অপতৎপরতার কারণে সাধারণ যাত্রীরা ন্যায্য মূল্যে টিকিট পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন এবং একই সঙ্গে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।

যাত্রীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ রেলওয়ে ইতিমধ্যে তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রেলওয়ের টিকিটিং পার্টনার সহজ লিমিটেডকে ই-টিকিটিং সিস্টেমের নিরাপত্তা জোরদার এবং স্বয়ংক্রিয় বট প্রতিরোধে জরুরি কারিগরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া এই অবৈধ চক্রের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

পাশাপাশি ওই অননুমোদিত ওয়েবসাইট, ওয়েবসাইটের আইপি ঠিকানা এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ থেকে পুরোপুরি ব্লক করে দেওয়ার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ে কর্তৃপক্ষ সাধারণ যাত্রীদের শুধুমাত্র অফিশিয়াল ওয়েবসাইট এবং রেল সেবা অ্যাপ থেকে টিকিট কেনার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে কোনো অননুমোদিত মাধ্যম থেকে টিকিট না কেনার পাশাপাশি কালোবাজারির কোনো তথ্য থাকলে তা দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি