ঢাকা, শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬

রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪০, ৮ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা শনাক্ত হয়েছে। ঘটনাস্থল থেকে সংগৃহীত বিভিন্ন আলামতের সঙ্গে এই দুই আসামির ডিএনএ মিলে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বৃহস্পতিবার রাতে রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছে।

তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, গত ২১ সেপ্টেম্বর আসামিদের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য ঢাকায় অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়েছিল। ফরেনসিক পরীক্ষা শেষে ল্যাবের ফলাফলে দেখা যায়, ঘটনাস্থলে পাওয়া বিভিন্ন আলামতের সাথে সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের ডিএনএ পুরোপুরি মিলে গেছে। এর ফলে এই আলোচিত হত্যাকাণ্ডের সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিতভাবে প্রমাণিত হলো।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া বা দাসপাড়া এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে ফল কাটার চাকু, ইয়াবা সেবনের ফয়েল, সিগারেটের শেষাংশ, খাবার সামগ্রী এবং নিহত এক শিশুর খাতায় পাওয়া একটি লেখাসহ মোট ৩৫টি আলামত সংগ্রহ করে সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছিল।

হত্যাকাণ্ডের ঘটনার পর পুলিশ প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করে। পরবর্তীতে নিহতের বড় ভাই বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামিরা ইতিমধ্যে আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এছাড়া আলোচিত এই মামলায় আসামিদের কয়েকজন বন্ধু, শ্মশানের পাহারাদার ও এক মাদক সরবরাহকারী আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে মামলাটি রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ আরও গভীরভাবে তদন্ত করছে।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি