ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে থ্রিডি আর্ট গ্যালারিতে পহেলা বৈশাখ উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ১৬ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামের থ্রিডি আর্ট গ্যালারিতে এক নান্দনিক ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে ছিল পুতুলনাচ, বায়োস্কোপ, বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের বিভিন্ন নিদর্শন, নৃত্য পরিবেশনা এবং লোকগানের মনোমুগ্ধকর পরিবেশনা। যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানে দেশ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী মিন্টু দে সহ আরও অনেক বিশিষ্ট শিল্পী উপস্থিত ছিলেন। 

এছাড়াও বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। তাদের মধ্যে সিসিডিসি চায়নার প্রতিনিধি, নেদারল্যান্ডস দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সিজিএস লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান (অব:), ফার গ্রুপের সিইও তানজিমুল আনোয়ার ও ম্যানেজিং ডিরেক্টর রেইভেন হাসান উল্লেখযোগ্য।

আয়োজক প্রতিষ্ঠান আর্টপিক্স লিমিটেডের সিইও সোহানুর রহমান বলেন, ‘বাংলাদেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য। আর্টপিক্স লিমিটেড সবসময় শিল্প, সাহিত্য ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।’

প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর সুজানা মোস্তফা বলেন, ‘পহেলা বৈশাখ আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটিকে আরও সৃজনশীল ও আন্তর্জাতিকভাবে উপস্থাপন করতে আমরা কাজ করছি। শুধু পহেলা বৈশাখ নয়, আমরা সবসময় শিল্প-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত সামাজিক কার্যক্রমে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল একটি ব্যতিক্রমী আর্ট ক্যাম্প, যেখানে বাংলাদেশের বারোজন মেধাবী চিত্রশিল্পী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিল্পী শুভ্র তালুকদার বলেন, ‘পহেলা বৈশাখ মানেই শুধু মেলা নয়, আমরা এটিকে শৈল্পিকভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের ক্যানভাসে মানুষের আনন্দ, আবেগ ও উৎসবের রঙ ফুটিয়ে তুলেছি।’

দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন বিকাল ছয়টায় সফলভাবে সমাপ্ত হয়। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিকে ধন্যবাদ জানান আয়োজক থ্রিডি আর্ট পিক্সের ম্যানেজিং ডিরেক্টর সুজানা মোস্তফা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি