ঢাকা, সোমবার   ১৩ এপ্রিল ২০২৬

বাংলা নববর্ষকে কেন্দ্র করে কোনো হুমকি বোধ করছি না : র‌্যাব ডিজি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ১৩ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ।

তবে নববর্ষে আয়োজিত অনুষ্ঠানে কোনো গোষ্ঠী যেন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে র‍্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সোমবার (১৩ এপ্রিল) ঢাকার রমনা বটমূলে বাংলা নববর্ষ উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, নববর্ষের ‘সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে’ দেশব্যাপী র‌্যাবের ১৫টি ব্যাটলিয়ন অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করবে। ১৮১টি পিকআপ পেট্রোল টিম, ১২৭টি মোটরসাইকেল পেট্রোল টিমসহ সর্বমোট ৩০৮টি টহল টিম এবং সাদা পোশাকের নজরদারি থাকবে।

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকায় শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ, বাংলা একাডেমি এবং রমনা বটমূলসহ যেসব স্থানে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, সেসব স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব কর্তৃক ‘যথাযথ ব্যবস্থা’ গ্রহণ করার কথা বলেন তিনি।

এই লক্ষ্যে চেকপোস্ট, টহল এবং অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড সুইপিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সুইপিং পরিচালনার পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে বলে জানান র‌্যাব ডিজি।

দেশব্যাপী নববর্ষ উদযাপনের অনুষ্ঠান চলাকালীন সার্বিক নিরাপত্তার জন্য র‌্যাবের কন্ট্রোল রুম, ফুট পেট্রোল, মোটরসাইকেল পেট্রোল, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং ব্যবস্থা থাকছে।

এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক প্রয়োজনীয় সংখ্যক রিজার্ভ ফোর্স রাখা হয়েছে বলেও জানান তিনি।

বিশেষায়িত এ বাহিনীটির প্রধান বলেন, ‘যেকোনো ধরনের নাশকতা এবং হামলা মোকাবেলায় র‌্যাব স্পেশাল কমান্ডো ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। ব্যাটলিয়ানগুলো নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি এবং শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছে।’

এছাড়া র‌্যাব সদর দফতরের কন্ট্রোল রুম থেকে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

তার ভাষ্য, ‘গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিংয়ের মাধ্যমে নাশকতাকারীদের যেকোনো নাশকতার পরিকল্পনা নাস্যাৎ করে দিতে র‌্যাব প্রস্তুত রয়েছে।

নববর্ষকে কেন্দ্র করে যেকোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য বা মিথ্যা তথ্য ছড়িয়ে কেউ যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য র‌্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

এর বাইরে নববর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে আগত নারীদের ইভটিজিং ও যৌন হয়রারি রোধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলেন তিনি।

জনসাধারণকে আহ্বান জানিয়ে আহসান হাবীব পলাশ বলেন, সার্বিক ঝুঁকি রয়েছে- এমন কোনো তথ্য পেলে অথবা কোনো ধরনের হেনস্তার শিকার হলে অবশ্যই কর্তব্যরত র‌্যাব বা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে জানাবেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা কঠোর হস্তে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি