বাড়িতে ফিরে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন আইভী
প্রকাশিত : ০৯:১৫, ৪ জুন ২০২৬
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। মধ্যরাতে নিজ বাড়িতে ফিরে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বুধবার রাত ১০টার দিকে কারাগার থেকে মুক্তি পেয়ে মধ্যরাতে নিজ শহর নারায়ণগঞ্জে ফেরেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াত আইভি।
বিভিন্ন মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর বুধবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। এরপর রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি চুনকা কুটিরে প্রবেশ করেন সেলিনা হায়াৎ আইভী।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক মোতায়ন করা হয়।
সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আইভী বলেন, ‘বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি চাই সকলকে নিয়ে মানবিক সরকার গঠিত হোক।’
কারাগারে থাকা অন্য বন্দিদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘জেলে আমার মতো অনেক মা রয়েছেন। এর মধ্যে যারা নিরপরাধ, তাদের প্রতি সরকার সদয় হবে বলে আশা করি।’
অতিরিক্ত পুলিশ তারেক আল মেহেদী জানান, আইভীর বিরুদ্ধে থাকা ১২টি মামলায় উচ্চ আদালতের দেওয়া জামিন বহাল থাকার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে গ্রেপ্তার হওয়ার পর থেকে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় কারাবন্দি ছিলেন সাবেক এই মেয়র। পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন মামলায় তিনি জামিন লাভ করেন এবং সর্বশেষ আইনি জটিলতা কাটিয়ে কারামুক্ত হন তিনি।
এএইচ
আরও পড়ুন










