ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬

বিদেশ-সফরে রাষ্ট্রাচার সীমিত করলেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৩, ৫ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও স্বদেশে প্রত্যাবর্তনকালে বিমানবন্দরে অনুসরণীয় রাষ্ট্রাচারে পরিবর্তন আনা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরের সময় এবং দেশে ফেরার সময় নির্ধারিত কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বিমানবন্দরে উপস্থিত থাকবেন। তাদের মধ্যে মন্ত্রিসভার জ্যেষ্ঠতম সদস্য একজন মন্ত্রী, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ এবং মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়ে পূর্বে জারি করা ২০২৪ সালের ২৮ আগস্টের একটি সার্কুলার বাতিল করে নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ হেডকোয়ার্টার্স, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুলিপি পাঠানো হয়েছে।

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি