ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আহত সন্তান
প্রকাশিত : ১৮:১৪, ১৮ এপ্রিল ২০২৬
ভোলায় বসতঘরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ৮ বছর বয়সী সন্তানও আহত হয়েছে।
শুক্রবার দিবাগত গভীর রাতে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নাছিমা বেগম (৪০) ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামের শরীফ সর্দার বাড়ির সংলগ্ন প্রবাসী মো. আল আমিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নাছিমা বেগম তার সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ সময় শিশুটিও আহত হয়। ভোরের দিকে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেয়।
পরে স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনা শুনে সকালে ভোলা সদর হাসপাতালে আসেন ভোলা পুলিশ সুপার।
এদিকে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।
এএইচ
আরও পড়ুন










