ঢাকা, বুধবার   ০২ সেপ্টেম্বর ২০২৬

মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে রক্ষা করার আহ্বান শিক্ষামন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৫, ২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৩৬, ২ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

দেশে বৃদ্ধি পাওয়া মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয় থেকে শিক্ষাব্যবস্থাকে রক্ষা করার তাগিদ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, প্রাথমিক স্তর থেকেই খেলাধুলা, স্কাউটিং এবং নৈতিক শিক্ষা চর্চার মাধ্যমেই এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব।

শিক্ষামন্ত্রী বলেন,  স্কাউটিং ও খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও মানবপ্রেমের গুণাবলি গড়ে ওঠে, যা তরুণদের মাদক এবং অনৈতিক আচরণ থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে।  চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষা এবং ষষ্ঠ শ্রেণি থেকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর পাশাপাশি কারিগরি শিক্ষা, স্কাউট ও বিএনসিসির জন্য পৃথক স্কিম গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, দেশের বিশাল জনসংখ্যা ও মেধা উন্নয়ন বাস্তবায়নের প্রধান হাতিয়ার। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পোশাক ও মিড-ডে মিল চালুর পাশাপাশি নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। দেশে নারী শিক্ষায় উপবৃত্তি চালু হওয়ায় একটি বড় ধরনের সামাজিক পরিবর্তন এসেছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষা খাত ও স্কাউটিং কার্যক্রমে বাজেট বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনের নতুন বাংলাদেশ গঠনে মেধাবীদের সঠিক মূল্য ও সমর্থন দেওয়ার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি