মাদারীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, মহাসড়ক অবরোধ
প্রকাশিত : ২২:৫৫, ১৮ মে ২০২৬
মাদারীপুরের কালকিনিতে ভুল চিকিৎসায় তন্নী খান (২২) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে বিক্ষুব্ধরা অভিযুক্ত ক্লিনিকে ভাঙচুর চালায়।
নিহত তন্নী খান ডাসার উপজেলার দক্ষিণ মাইজপাড়া খান বাড়ির জিয়া উদ্দিন খানের মেয়ে। তার স্বামী আল আমিন হাওলাদার পেশায় একজন প্রাইভেটকার চালক। প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৮ মে) সকাল ৭টার দিকে প্রসবজনিত জটিলতা নিয়ে তন্নী খানকে কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকার নূর ক্লিনিকে ভর্তি করা হয়। সকাল ১০টার দিকে ক্লিনিকটির চিকিৎসক ডা. ইশরাত জাহান ঐশি ও ডা. হিমেল মাহমুদ তার সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন।
স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের সময় চিকিৎসকদের অসাবধানতায় তন্নীর শরীরের গুরুত্বপূর্ণ নাড়ি কেটে যায়। এতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে ক্লিনিক কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের দাবি, বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত রক্তক্ষরণেই তন্নীর মৃত্যু হয়েছে।
এ খবর ছড়িয়ে পড়লে বিকেলে তন্নীর স্বজন ও এলাকাবাসী ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধরা নূর ক্লিনিকে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডা. ইশরাত জাহান ঐশি ও ডা. হিমেল মাহমুদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, চিকিৎসায় অবহেলার অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে ক্লিনিক ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর থেকে নূর ক্লিনিক সাময়িকভাবে বন্ধ রয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ভুল চিকিৎসার অভিযোগে স্বজনরা সড়ক অবরোধ করেছিল। তারা লিখিত অভিযোগ বা মামলা করলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমআর//
আরও পড়ুন










