মানিকগঞ্জে ট্রাক–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রকাশিত : ২২:৩৪, ১৮ জুন ২০২৬
মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা–আরিচা মহাসড়কের মূলজান এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন পিকআপের চালক রাসেল (৩০) এবং হেলপার আরাফাত (২০)। দুর্ঘটনার পর তারা ঘটনাস্থলেই মারা যান।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতবর জানান, সন্ধ্যার দিকে আরিচাগামী মুরগিবাহী একটি খালি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত পিকআপের দুই শ্রমিককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমআর//
আরও পড়ুন










