ঢাকা, শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬

মানিকগঞ্জে ড্রামট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘ‌র্ষে নিহত ১

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২০, ২০ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

মানিকগঞ্জ সদর উপজেলায় পিকআপ ভ্যান ও ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও এক হেলপার আহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ–সিংগাইর সড়কের অরঙ্গবাদ টাওয়ার স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. গিয়াস উদ্দিন (৪৫) জেলার সাটুরিয়া উপজেলার উত্তর আয়নাপুর গ্রামের সাহাব আলীর ছেলে। আহত হেলপার মাহবুব হোসেন (১৮) বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাইরগামী একটি ড্রামট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গিয়াস উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহত হেলপারকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর সড়কটিতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলেও তিনি জানান।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, মানিকগঞ্জ–সিংগাইর সড়কে ভারী যানবাহনের বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কটিতে নিয়মিত ট্রাফিক নজরদারি ও কার্যকর গতিনিয়ন্ত্রণ ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি