ঢাকা, শুক্রবার   ২২ মে ২০২৬

মুন্সীগঞ্জে পুকুরে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৯, ২২ মে ২০২৬ | আপডেট: ২২:০২, ২২ মে ২০২৬

Ekushey Television Ltd.

মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় পুকুরে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে  এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী লাবিব ওয়াদি সোপান (২৩) ও আজওয়াত তওসিফ (২৪)। এরমধ্যে মো. মোস্তাকুর রহমানের ছেলে লাবিব ওয়াদি সোপানের বাড়ি মুন্সীগঞ্জে এবং  মো. রিপন হোসেনের ছেলে আজওয়াত তওসিফের বাড়ি ঢাকায় বলে জানা গেছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী ঢাকা থেকে মুন্সীগঞ্জে এক বন্ধুর বাসায় বেড়াতে আসেন। এসময় তাদের মধ্যে ৬ থেকে ৭ জন পুকুরে গোসল করতে নামেন। অন্যরা পুকুরপাড়ে অবস্থান করছিলেন।

একপর্যায়ে লাবিব ওয়াদি সোপান ও আজওয়াত তওসিফ পানিতে ডুবে নিখোঁজ হন। পরে তাদের বন্ধু ও স্থানীয় লোকজন উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম রাত সাড়ে ৮ টায় জানান, স্থানীয়রা দুই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করে। মরদেহ দুটি  হাসপাতালেই রাখা হয়েছে। একজনের পরিবার ঢাকা থেকে রওনা হয়েছেন। তারা পৌঁছালে পরিবারের সঙ্গে কথা বলে মরদেহ হস্তান্তরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি