মেঘনায় গোসলে নেমে বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী নিখোঁজ
প্রকাশিত : ১৬:০৩, ১১ মে ২০২৬
নরসিংদী শহরের নাগরিয়াকান্দি এলাকায় সহপাঠীদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে মাহির শাহরিয়ার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
সোমবার (১১ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মাহির ঢাকার বিএএফ শাহীন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং জহিরুল ইসলামের ছেলে।
নিখোঁজ মাহিরের বন্ধু ওয়ালী জানান, আজ সোমবার সকালে ঢাকা থেকে ট্রেনে করে বিএএফ শাহীন কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ ঢাকার ৪-৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী নরসিংদীর নাগরিয়াকান্দী এলাকায় ঘুরতে আসে। তারা বিভিন্ন স্থান ঘুরে দেখার এক পর্যায়ে নাগরিয়াকান্দি এলাকায় মেঘনা নদীতে বেশ কয়েকজন গোসল করতে নামে। এ সময় সাঁতার না জানায় তার বন্ধু মাহির শাহরিয়ার ও আরো দুইজন নদীর স্রোতে তলিয়ে যেতে থাকে। পরে সে ২ বন্ধুকে উদ্ধার করতে পারলেও মাহির শ্রোতে তলিয়ে যায়।
সহপাঠীরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। তবে নিখোঁজের দীর্ঘ সময় পার হলেও তার সন্ধান না মেলায় ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।
এখনও উদ্ধার অভিযান চলছে।
এএইচ
আরও পড়ুন










