ঢাকা, বৃহস্পতিবার   ২০ আগস্ট ২০২৬

মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৬, ২০ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

মোটরসাইকেলের সামনের অংশেও নম্বর প্লেট বসানোর উদ্যোগ নিয়েছে সরকার। এআইভিত্তিক ক্যামেরায় ট্রাফিক আইন লঙ্ঘনকারী শনাক্ত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পরিবেশদূষণ নিয়ন্ত্রণবিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় নেওয়া কয়েকটি সিদ্ধান্তের একটি ছিল মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট বসানো। 

সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ)।

সংশ্লিষ্ট সূত্র বলছে, ঢাকার বিভিন্ন সড়কে ব্যবহার করা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরায় মোটরসাইকেলের নম্বর সহজে শনাক্ত করতেই সামনে নম্বর প্লেট বসানোর সিদ্ধান্ত হয়েছে। 

তবে এ সিদ্ধান্ত বাস্তবায়নে কিছু প্রশ্নও দেখা দিয়েছে। বর্তমান মডেলের অনেক মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট বসানোর নির্দিষ্ট জায়গা নেই। ফলে নতুন করে পরিবর্তন আনতে হলে মোটরসাইকেলের নকশা ও বায়ুপ্রবাহে কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়েও ভাবতে হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিদের।

সামনে নম্বর প্লেট বসানোর বিষয়টি পরীক্ষা করে মতামত দিতে ১৩ আগস্ট সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে বিআরটিএ। কমিটিকে মোটরসাইকেলের নম্বর প্লেটের আকার, সংযোজনের স্থান এবং এআই ক্যামেরায় সেটি সঠিকভাবে শনাক্ত করা সম্ভব কি না—এসব বিষয় পরীক্ষা করতে বলা হয়েছে।

কমিটিতে বিআরটিএর সদর দপ্তরের পরিচালক (প্রকৌশল), ডিএমপির ট্রাফিক বিভাগের তেজগাঁও অঞ্চলের উপপুলিশ কমিশনার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের প্রতিনিধি, অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের প্রতিনিধি, টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ সিবিইউ মোটরসাইকেল আমদানিকারক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং বিআরটিএর উপপরিচালক (প্রকৌশল) রয়েছেন।

এদিকে, ঢাকার বিভিন্ন মোড়ে গত ৭ মে থেকে পরীক্ষামূলকভাবে এআই প্রযুক্তির ব্যবহার শুরু করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এআইভিত্তিক ক্যামেরায় সড়ক পরিবহন আইন লঙ্ঘন শনাক্তের সফটওয়্যার যুক্ত করা হয়েছে।

সফটওয়্যারের দেওয়া নির্দেশনা অনুযায়ী কোনো যানবাহন আইন লঙ্ঘন করলে ক্যামেরা সেটি শনাক্ত করছে। পরে সংশ্লিষ্ট গাড়ির মালিকের নামে ডিজিটালভাবে মামলা দেওয়া হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি