যমুনায় সর্বসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
প্রকাশিত : ১৩:১১, ২১ মার্চ ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ মার্চ) সকালে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে রাজনীতিবিদ, কূটনীতিক ও সিনিয়র সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা ঘটে। এর মধ্যে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও অংশ নেন।
প্রধানমন্ত্রী অনেকের সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করেন। দেশের সরকার প্রধানকে কাছে পেয়ে অনেকে আবেগপ্রবণ হয়ে পরেন। তার সঙ্গে সেলফি তোলেন।
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।
এদিকে, প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে মানুষের ঢল নামে।
তবে আমন্ত্রিত হয়েও অতিরিক্ত চাপে অনেকে ভেতরে প্রবেশ করতে পারেননি। শুধু কার্ডধারীদেরই ভেতরে প্রবেশের সুযোগ দেন এসএসএফ সদস্যরা।
পাঁচটি সিরিয়ালে লোকজনের উপস্থিতি প্রধান ফটকের সামনে থেকে সামনের সড়ক ছাড়িয়ে কাকরাইল ও ইন্টার কন্টিনেন্টাল মোড় পর্যন্ত বিস্তৃত হয়।
উপচেপড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এক পর্যায়ে ফটক বন্ধ করে দেন। দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করেও প্রবেশ করতে না পেরে অনেকেই ফিরে যান।
এর আগে সকালে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে কোলাকুলি করেন তারা। পরে সকাল ১০টায় যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত হন তিনি।
ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।
প্রসঙ্গত. দীর্ঘ দেড় যুগ পর দেশে এটি তারেক রহমানের প্রথম ঈদ উদযাপন। ১৭ বছর লন্ডনে ঈদ উদযাপন করেছেন তিনি।
এএইচ
আরও পড়ুন










