ঢাকা, সোমবার   ২৪ আগস্ট ২০২৬

রংপুরে ৪ হত্যা: দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রংপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৭, ২৪ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তার স্ত্রী ও দুই ছেলে-মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেফতার দুই আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা নির্মল চন্দ্র জানান, রোববার রাত ৮টার দিকে এ ঘটনায় গ্রেফতার মুগ্ধ দাস ও তার মামাতো ভাই সিদ্ধাথর্কে রংপুর মহানগর মেট্রোপলিটন আদালতে আনা হয়। এরপর দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টা বিচারকের চেম্বারে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করে তারা। 

গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) ও বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস (১৯)।

সাংবাদিকরা তদন্ত কর্মকর্তাকে হত্যার কারণ নিয়ে প্রশ্ন করলে এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি তিনি। তবে তিনি জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

জবাববন্দি প্রদানের পর আদালতের নির্দেশে দুই আসামিকে রাত সাড়ে ১২টার দিকে কারাগারে পাঠানো হয়। 

এর আগে শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) এবং পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়মের (১২) মরদেহ উদ্ধার করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি