ঢাকা, রবিবার   ০৬ সেপ্টেম্বর ২০২৬

রিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় পুলিশ সদস‍্যকে পিটিয়ে হত্যা

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১০, ৬ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সাভারে এক রিকশাচালককে অন‍্যায়ভাবে মারধরের প্রতিবাদ করায় মো. আলতাফ হোসেন (৬০) নামের পুলিশের এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে কতিপয় দুর্বৃত্ত। 

শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে আমিনবাজার এলাকার বড়দেশী গ্রামে। 

নিহত পুলিশ সদস্য ঢাকার মালিবাগে বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই সাধুপাড়া গ্রামের মৃত জুরায়ন আলী শেখের ছেলে। পরিবার নিয়ে থাকতেন বড়দেশীর মদিনা সিটি এলাকায়।

এ তথ‍্য নিশ্চিত করে সাভার থানার পরিদর্শক (ওসি) সাইফুল আলম জানান, শনিবার রাত আটটার দিকে আমিনবাজার এলাকায় বড়দেশী গ্রামের একটি আঞ্চলিক সড়কে এক রিকশাচালক রিকশা ঠিক করছিলেন। এ সময় একটি প্রাইভেটকার এসে ওই রিকশাকে ধাক্কা দেয় এবং চালককে অকথ‍্য ভাষায় গালাগাল করলে পাশে থাকা পুলিশ সদস‍্য তা প্রতিবাদ করেন। 

এ সময় প্রাইভেটকারে থাকা লোকজন তাদের অন‍্য সঙ্গী সাথীদের খবর দিয়ে নিয়ে এসে পুলিশ সদস্যের উপর আক্রমণ করে। এ সময় তাকে বেধড়ক মারধর করে ফেলে রেখে চলে যায় তারা।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। জড়িতদের শনাক্ত করে অভিযান চালাচ্ছে বলেও জানায় পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি