ঢাকা, রবিবার   ১৫ নভেম্বর ২০২৬

রিট খারিজ, প্রথম শ্রেণি ছাড়া বাকি শ্রেণির ভর্তিতে পরীক্ষা পদ্ধতি বহাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৪৭, ১৫ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

২০২৭ সালে দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে প্রথম শ্রেণী ছাড়া বাকি সব শ্রেণীতে ভর্তিতে পরীক্ষা পদ্ধতি বহাল রইল।

রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী জাহিদ তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

এর ফলে প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারি পদ্ধতি থাকবে এবং দ্বিতীয় থেকে বাকি শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে ভর্তিতে যেভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বহাল ও কার্যকর থাকবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ১৬ মার্চ এক স্মারকে সারা দেশে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারির মাধ্যমে ভর্তিপ্রক্রিয়া বাতিলের কথা জানায়। পরে জানানো হয়, দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হবে। শুধু প্রথম শ্রেণিতে লটারিতে ভর্তি নেওয়া হবে।

সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে গত ৭ অক্টোবর রিট দায়ের করেন মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ।

রিটে শিক্ষা মন্ত্রণালয় সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপসচিবকে বিবাদী করা হয়।

পরে রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদার জানিয়েছিলেন, ২০২১ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য পরীক্ষা না নিয়ে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু ক্ষমতায় আসার পর বিএনপি সরকার লটারি পদ্ধতি বাতিল করে স্কুলগুলোতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয়।

রিট আবেদনটি হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে গত ১৪ অক্টোবর শুনানির জন্য ওঠে। সেদিন আদালত রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন। এরপর চলতি মাসে রিটটি হাইকোর্টের নিয়মিত বেঞ্চে উপস্থাপন করা হয়। এর ধারাবাহিকতায় আজ শুনানি হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি