রোববার থেকে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি
প্রকাশিত : ২২:৩৯, ৪ এপ্রিল ২০২৬
দেশের সব সরকারি ও বেসরকারি অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
শনিবার (৪ এপ্রিল) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।
এতে জানানো হয়, সরকার আগামী ৫ এপ্রিল থেকে দেশের সকল সরকারি ও বেসরকারি অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারণ করলো। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে। তবে জরুরি পরিষেবাগুলো নূতন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এতে আরও জানানো হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের চিঠির নির্দেশনা মোতাবেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা এবং ব্যাংকিং সেবা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণের বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবে। আদালতের অফিস সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বলেও এতে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান/কল-কারখানা ও প্রতিষ্ঠানের জন্য কর্মঘন্টা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
এমআর//
আরও পড়ুন










