র্যাবের গুলিতে পা হারানো লিমনকে ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রুল
প্রকাশিত : ১৬:৪৬, ১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:৫০, ১ ফেব্রুয়ারি ২০২৬
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গুলিতে পা হারানো ঝালকাঠির লিমন হোসেনকে ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে ওই ঘটনার জন্য দায়ী র্যাব কর্মকর্তাদের খুঁজে বের করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।
রোববার (১ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন, আইনজীবী কাজী জাহেদ ইকবাল, আবদুল্লাহ আল নোমান ও ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী।
প্রসঙ্গত,২০১১ সালের ২৩ মার্চ বিকালে ঝালকাঠির রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে র্যাবের একটি অভিযানের সময় গুলিবিদ্ধ হন তৎকালীন ১৬ বছর বয়সী কিশোর লিমন হোসেন। লিমনের অভিযোগ, র্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে কোনও কারণ ছাড়াই সরাসরি পায়ে গুলি করেন। এইচএসসি পরীক্ষার মাত্র ১২ দিন আগে এই নৃশংস ঘটনার শিকার হন তিনি। কয়েক দিন পর ঢাকার পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা তার বাঁ পা কেটে ফেলতে বাধ্য হন।
তবে দমে যাননি দরিদ্র পরিবারের এই মেধাবী সন্তান। চিকিৎসাধীন অবস্থায় পড়াশোনা করে পরের বছর পিরোজপুরের কাউখালী উপজেলার কাঁঠালিয়া পিজিএস বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪ পান তিনি। এরপর ভর্তি হন সাভারের গণবিশ্ববিদ্যালয়ে। বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করছেন।
এমআর//
আরও পড়ুন










