ঢাকা, সোমবার   ৩১ আগস্ট ২০২৬

লকআপে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের ভিডিও ফেসবুকে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫১, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:১১, ৩১ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় পুলিশ হেফাজতে থাকা ১০ আসামির ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। লকআপে থাকা অবস্থায় আসামিদের হাতে মোবাইল ফোন পৌঁছানো নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

‘আজমিরী ওসমান’ নামে একটি ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। 

শনিবার (২৯ আগস্ট) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিলের প্রস্তুতির অভিযোগে তাদের আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ। আটক ১০ জনের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে।

পুলিশ জানায়, মিছিলের প্রস্তুতির খবর পেয়ে সাইনবোর্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকজন পালিয়ে গেলেও ১০ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে রোববার সকালে আদালতে পাঠানো হয়।

ভাইরাল ভিডিও প্রসঙ্গে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। এটি থানার ভেতরে ধারণ করা হয়েছে কিনা, কখন ও কীভাবে ভিডিওটি ধারণ করা হয়েছে—এসব বিষয় যাচাই করা হচ্ছে। সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে।

তবে ভিডিওটি ফতুল্লা থানার লকআপেই ধারণ করা হয়েছে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করেননি ওসি। ফলে পুলিশ হেফাজতে থাকা আসামিদের হাতে মোবাইল ফোন কীভাবে পৌঁছাল এবং ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে—তা তদন্তের পরই স্পষ্ট হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি