শার্শায় এক গৃহবধূর পাঁচ সন্তানের জন্ম, তবে কেউ বেঁচে নেই
প্রকাশিত : ১৮:০২, ২০ মে ২০২৬
যশোরের শার্শা উপজেলায় জান্নাতি বেগম নামে এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। তবে জন্মের পরপরই নবজাতক পাঁচজনই মারা গেছে বলে পরিবার জানিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন ছেলে ও দুই মেয়ের জন্ম দেন তিনি। জান্নাতি বেগম শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর উত্তরপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আকরামুল হোসেনের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার অসুস্থ হয়ে পড়লে প্রথমে জান্নাতি বেগমকে যশোরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
পরে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার সন্ধ্যায় তিনি পাঁচ সন্তানের জন্ম দেন। তবে জন্মের কিছু সময়ের মধ্যেই নবজাতক পাঁচজনের মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এদিকে বুধবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নবজাতকদের দাফন সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এএইচ
আরও পড়ুন










