শিশুকে যৌন নিপীড়ন, পুলিশের জালে অভিযুক্ত
প্রকাশিত : ১৪:৩৭, ২৮ জুন ২০২৬
যশোরের ঝিকরগাছায় ১১ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে অবশেষে অভিযুক্ত হাবিবুল্লাহ (৫৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) দুপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাটাখাল বেলেবটতলা শান্তিনগর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আটক হাবিবুল্লাহ ওই এলাকার মৃত তকিম গাজীর ছেলে।
এর আগে শুক্রবার স্কুল ও মাদ্রাসা বন্ধ থাকায় কাটাখাল এলাকার চতুর্থ শ্রেণির ওই ছাত্রী তার বান্ধবীর সাথে কপোতাক্ষ নদে গোসল করতে যায়। ভুক্তভোগী শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গোসল শেষে বাড়ি ফেরার পথে হাবিবুল্লাহ তাদের দেখে বিভিন্ন আপত্তিকর ও কুৎসিত অঙ্গভঙ্গি করে। একপর্যায়ে জোরপূর্বক শ্যাম্পু মাখানোর কথা বলে শিশুটির হাত ধরে এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন চালায়।
এ সময় শিশুর পরনের কাপড় টানাহেঁচড়াও করা হয়। পরে শিশুটি জোরপূর্বক নিজেকে মুক্ত করে দৌড়ে বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানায়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় একটি পক্ষ বিশেষ সুবিধা নেওয়ার উদ্দেশ্যে বিষয়টি ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালালেও স্থানীয় সাধারণ জনগণের চাপের মুখে তা ভেস্তে যায়।
ঝিকরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশের বিশেষ অভিযানে শনিবার দুপুরে পলাতক হাবিবুল্লাহকে তার বাড়ি থেকে আটক করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এএইচ
আরও পড়ুন










