ঢাকা, সোমবার   ২৭ জুলাই ২০২৬

শাপলা চত্বর হত্যাকাণ্ড

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ২৭ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর আনুষ্ঠানিক অভিযোগটি দাখিল করা হয়। 

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি আইজিপি শহিদুল হক, বেনজির আহমেদসহ ৪১ জনের নামে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

যাতে আসামি করা হয়েছে সামছুল হক টুকু, শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রুপাকেও। আসামি আছেন তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তারা। 

পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আবেদনও করা হয়েছে। 

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত বর্বরোচিত হত্যাযজ্ঞের বিষয়ে দীর্ঘদিন ধরে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটা খসড়া তদন্ত প্রতিবেদন দাখিল করে। সেই খসড়া তদন্ত প্রতিবেদনটি পর্যালোচনা করে আজ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় বলে জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহতদের প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, আমরা এ পর্যন্ত নিহত ৬১ জনের একটি তালিকা পেয়েছি। তার মধ্য থেকে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

২০১৩ সালে ৫ মে দিনভর হেফাজতের সমাবেশ শেষে রাতে শাপলা চত্ত্বরে জমায়েতে নৃশংস হামলা চালায় আইনশৃংখলা বাহিনী। ২০২৪ সালের ৫ আগস্টের পর এ ঘটনার তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেয় হেফাজতে ইসলাম।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি